নিজস্ব প্রতিবেদক
একটি ৬ বছরের শিশু। যে বয়সে হাতে থাকার কথা খেলার পুতুল, মুখে থাকার কথা খিলখিল হাসি! সেই বয়সে তাকে সইতে হলো এক পৈশাচিক, অবর্ণনীয় নির্যাতন। গত ২ জুন কুমিল্লার বরুড়া উপজেলার ১৪ নং লক্ষীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বড় কালিকাপুর গ্রামে যে ঘটনাটি ঘটেছে, তা শুধু একটি শিশুর ওপর নির্যাতন নয়, তা আমাদের পুরো সমাজের বিবেকের ওপর এক মরণাঘাত।
ঘটনার পর শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে থানায় মামলাও করা হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই নেক্কারজনক ও লোমহর্ষক ঘটনার পর ৪ দিনের বেশি সময় পার হয়ে গেছে, অথচ প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো তৎপরতা চোখে পড়েনি। নরপশু ধর্ষক এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে, আর হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছে এক নিষ্পাপ কোমলমতি শিশু।
একটি স্বাধীন ও সভ্য দেশে অপরাধ ঘটার পর ৪ দিন পেরিয়ে গেলেও অপরাধী গ্রেপ্তার না হওয়াটা কিসের ইঙ্গিত দেয়? এই নিষ্ক্রিয়তা কি অপরাধীদের আরও দুঃসাহসী করে তুলছে না?
প্রশাসনের এই রহস্যজনক নীরবতা ও গাফিলতির বিরুদ্ধে আজ সাধারণ মানুষ আর ঘরে বসে থাকতে পারছে না। ক্ষুব্ধ এলাকাবাসী আজ দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর রাস্তায় নামতে বাধ্য হচ্ছে।
আজ বিকাল ৩ ঘটিকায় নলুয়া চাঁদপুর বাজারের পূর্ব দিকে, হাসপাতালের সামনে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে একটি প্রতিবাদী মিছিল ও মানববন্ধন হয়েছে।
এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নয়, এই আন্দোলন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়। এই আন্দোলন আমাদের মা-বোনদের সুরক্ষার, আমাদের সন্তানদের বাঁচানোর আন্দোলন। আজ যদি আমরা চুপ করে থাকি, তবে মনে রাখবেন, আগামীকালের শিকার হতে পারে আপনার বা আমার পরিবারের কোনো প্রিয় মুখ।
আমরা আর কোনো আশ্বাস চাই না, কোনো টালবাহানা শুনতে চাই না। আমাদের দাবি একটাই, অবিলম্বে সেই নরপশু ধর্ষককে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সংবাদ শিরোনাম ::
বিচারহীনতার আড়ালে আর কত নিষ্পাপ শৈশব কাঁদবে?
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৮:২৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- ৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















