ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শীলখালী চেকপোস্টে বিজিবির বিশেষ তল্লাশিতে একটি প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পাচারের অভিযোগে প্রাইভেটকারের চালক মো. ইসমাইল (৩৩)কে আটক করা হয়েছে।
আটক ইসমাইল টেকনাফ উপজেলার ছোট হাবিরপাড়া গ্রামের নুরুল বশরের ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার টেকনাফ মেরিন ড্রাইভের শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা বিজিবির নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় তল্লাশি চালান। একপর্যায়ে গাড়ির গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আটটি মিনি প্যাকেট থেকে মোট ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে চালক মো. ইসমাইলকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তিনি নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 


















