ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজার সদর উপজেলার আলীর জাহাল সিটি কলেজ এলাকায় মো. ইকরাম (৪০)–কে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মো. মুবিন (২৭)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৫ মিনিটে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড রেল ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুবিন কক্সবাজার সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাইন্যা কাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে কক্সবাজার সদর থানাধীন আলীর জাহাল এলাকায় সিটি কলেজের সামনে মো. ইকরামকে হত্যার উদ্দেশ্যে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় ২ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়। ওই মামলায় মুবিনকে এজাহারনামীয় ৩ নম্বর আসামি করা হয়।
মামলার পর থেকে মুবিন পলাতক ছিলেন। র্যাব-১৫-এর ব্যাটালিয়ন সদর, কক্সবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তিনি লিংক রোড রেল ক্রসিং এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুবিনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব।
র্যাব-১৫ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 


















