সিবিআই কর্মকর্তার চরিত্রে সাই — ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয়ের পর এবার ভিন্ন রূপে পর্দায় আসছেন সাই পল্লবী। তিনি ‘ওএম: চ্যাপ্টার ১—উধিরাম: দ্য ব্লাড উড’ সিনেমায় একজন সিবিআই কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন। এই চরিত্রের জন্য তিনি নিজের চুল ছোট করেছেন, যা দেখে প্রথমে তার মা-বাবাও অবাক হয়ে যান।
সম্প্রতি বিহাইন্ডউডস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাই পল্লবী জানান, সিনেমার গল্প শোনার পর চরিত্রটির উপস্থাপনা সম্পর্কে ধারণা পান। তিনি বলেন, গল্পটি এতটাই আকর্ষণীয় ছিল যে চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে চুল ছোট করতে রাজি হন।
নতুন লুকের কথা প্রথমে ভিডিও কলের মাধ্যমে তার মাকে জানান সাই। ছোট চুল দেখে মা অবাক হয়ে যান এবং কেন চুল ছোট করেছেন তা নিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে কল কেটে দেন তিনি। পরে বাবা ফোন করে জানতে চান, সাই পল্লবী উইগ পরেছেন কি না। তখন অভিনেত্রী তাকে জানান, চরিত্রের প্রয়োজনে চুল ছোট করেছেন।
সিনেমাটিতে সিবিআই কর্মকর্তা নিত্যা রেড্ডির চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। পরিচালক রাজকুমার পেরিয়াসামি জানিয়েছেন, চরিত্রটির জন্য এই লুক প্রয়োজন ছিল। তিনি বলেন, গল্পের প্রতি অভিনেত্রীর ভালোবাসা এবং পরিচালকের প্রতি আস্থার কারণেই সাই পল্লবী চুল ছোট করার সিদ্ধান্ত নেন।
শুটিংয়ের সময় নতুন লুক প্রকাশ্যে আসা ঠেকাতে মাথায় স্কার্ফ ব্যবহার করতেন সাই। সিনেমা মুক্তির আগে চরিত্রের চেহারা ফাঁস হওয়া ঠেকাতে তিনি এই সতর্কতা অবলম্বন করেন।
এর আগে রাজকুমার পেরিয়াসামির পরিচালনায় ‘আমরান’ সিনেমায় অভিনয় করেছিলেন সাই পল্লবী। এবার একই পরিচালকের নতুন সিনেমায় দেখা যাবে তাকে।
‘ওএম: চ্যাপ্টার ১—উধিরাম: দ্য ব্লাড উড’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন রাজকুমার পেরিয়াসামি। সিনেমাটিতে কাঠুরিয়ার চরিত্রে অভিনয় করছেন ধানুশ। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন মাম্মুট্টি। এছাড়া শ্রীলীলা, সঞ্জয় স্বরূপ ও নাসিরুদ্দিন শাহও অভিনয় করেছেন। উল্লেখ্য, তামিল সিনেমায় এটি নাসিরুদ্দিন শাহের অভিষেক।
ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার ফিল্মসের ব্যানারে সিনেমাটি নির্মিত হয়েছে। এতে সংগীত পরিচালনা করেছেন সাই অভয়ঙ্কর। সিনেমাটি আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রতিনিধির নাম 

























