প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত — জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার রায় নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যকে কেন্দ্র করে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে অতিরঞ্জিত ও বিকৃত উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় একটি বিবৃতি প্রদান করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগে একটি মামলার শুনানি চলাকালে তার একটি কথিত উক্তিকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমে আংশিক, খণ্ডিত, অতিরঞ্জিত ও বিকৃত তথ্য প্রকাশ ও প্রচারের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।’
এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম, যিনি সংশ্লিষ্ট মামলার কার্যক্রম চলাকালে আদালতে উপস্থিত ছিলেন, বৃহস্পতিবার গণমাধ্যমের উদ্দেশ্যে একটি সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেন। তিনি জানান, প্রধান বিচারপতি গণমাধ্যমে প্রচারিত কথিত বক্তব্যটি প্রদান করেননি এবং তার বক্তব্যকে বিকৃত ও খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের প্রধান বিচারপতি কেবল একজন ব্যক্তি নন; তিনি দেশের বিচার বিভাগের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের নেতৃত্বের প্রতীক।’ তিনি বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন এবং সাধারণ মানুষের বিচারপ্রাপ্তির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির মর্যাদা ও কর্তৃত্বের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, ‘প্রধান বিচারপতির কোনো বক্তব্যকে বিকৃত, খণ্ডিত কিংবা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা শুধু একজন সাংবিধানিক পদধারীর মর্যাদাকেই ক্ষুণ্ন করে না; বরং এর মাধ্যমে সুপ্রিম কোর্টের মতো একটি মহান সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্তৃত্ব ও কার্যকারিতা এবং বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে।’
এ প্রসঙ্গে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম আরও উল্লেখ করেন, বিচারপতিরা সাধারণত গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বা বক্তব্যের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন না। ফলে তাদের সম্পর্কে ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হলে সংশোধনের দায়িত্ব সংশ্লিষ্ট গণমাধ্যমের ওপর বর্তায়।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি সংশ্লিষ্ট সব গণমাধ্যম, সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি, যারা প্রধান বিচারপতির বক্তব্য সম্পর্কে অসম্পূর্ণ, বিকৃত, খণ্ডিত কিংবা অতিরঞ্জিত তথ্য প্রচার করেছেন, তারা যেন অবিলম্বে ওই সংবাদ প্রত্যাহার করেন।’
তিনি বিচার বিভাগের মর্যাদা রক্ষা এবং বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা অটুট রাখার জন্য সকলের সম্মিলিত দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিনিধির নাম 





















