এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জ বন্দরের মুসাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাতাকাটা পুকুরপাড়ে যে কুমিরটি দেখা গিয়েছিল তা অবশেষে উদ্ধার করা হয়েছে। গত চারদিন যাবত নিরবচ্ছিন্ন চেষ্টার পর কুমিরটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির এর নির্দেশনায় বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি), বনবিভাগ, বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিট, ইউনিয়ন পরিষদ, পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশসহ স্থানীয় লোকজনের সহযোগিতায় কুমিরটি উদ্ধার করা হয়।
কুমিরটি লম্বায় প্রায় আট ফুট বলে জানা গিয়েছে। কুমিরটিকে বনবিভাগের সহায়তায় সাফারি পার্কে স্থানান্তর করা হচ্ছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, কুমিরটি দেখা যাওয়ার পর থেকেই এলাকাবাসীর নিরাপত্তার বিষয়টি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল। কেউ যাতে আতঙ্কিত না হয় এবং কুমিরটিরও যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য আমরা বনবিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশসহ সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছিলাম। চার দিনের ধৈর্য, সতর্কতা ও পেশাদারিত্বের মাধ্যমে অবশেষে কুমিরটি নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। বন্যপ্রাণী আমাদের প্রকৃতির সম্পদ, এদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, এ ঘটনা প্রমাণ করে, প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ করলে যেকোনো সংকটই নিরাপদে মোকাবিলা করা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের পরিস্থিতিতে কেউ আতঙ্কিত হবেন না, প্রশাসনকে জানাবেন। আমরা দ্রুত ব্যবস্থা নেব। বন্যপ্রাণী দেখলে তাকে বিরক্ত না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানাচ্ছি।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, জেলা প্রশাসন, স্থানীয়দের সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের কারণেই কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই কুমিরটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
কুমিরটি উদ্ধার করার কারণে এলাকাবাসী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রতিনিধির নাম 
























