এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারী বন্দিদের উদ্দেশে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে দ্রুত নিজেদের সংশোধন করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে।
সোমবার, ১১ মে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডিসি বলেন, একজন বাবা কিংবা মায়ের পরিচয় সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। কেউ যদি মিথ্যা মামলা বা আইনি জটিলতায় আটক থাকেন, তবে তাকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।
বন্দিদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজের সন্তান, পরিবার ও প্রিয়জনদের মুখের দিকে তাকিয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে।’
মানবিক ও কল্যাণধর্মী দৃষ্টিভঙ্গি থেকে আয়োজিত এই পরিদর্শনে জেলা প্রশাসক বন্দিদের জীবনযাপন, স্বাস্থ্যসেবা, পরিবেশ ও সংশোধনমূলক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এর আগে, কারাগারে পৌঁছালে জেলা প্রশাসককে আনুষ্ঠানিক সালাম প্রদান করা হয়। এ সময় শিশুদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
ডিসি সন্তানসহ নারী বন্দিদের সেল পরিদর্শন করেন এবং তাদের নিরাপত্তা, সন্তানদের বেড়ে ওঠার পরিবেশ ও সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। পরে তিনি কারা হাসপাতালের নারী ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও স্বাস্থ্যসেবার মান পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রতিনিধির নাম 


















