বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের এক বৃদ্ধকে বয়স্ক ভাতার তালিকা থেকে অন্যায়ভাবে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজকর্মী ও স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ছেলে খাইরুল বাসার সোহাগ।
অভিযোগ সূত্রে জানা যায়, আগানগর ইউনিয়নের সিঙ্গাচৌ গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৬৯) এর জন্য ২০২২-২৩ অর্থবছরে সমাজসেবা অধিদপ্তরের আওতায় বয়স্ক ভাতার আবেদন করা হয়। পরবর্তীতে ২০২৩ সালে তদন্ত শেষে তাকে অনুমোদিত তালিকায় ৪২৯ নম্বর সিরিয়ালে অন্তর্ভুক্ত করা হয় বলে দাবি করা হয়েছে।
তবে অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজকর্মী কাজী শাহিন নজরুল ইসলামকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতার তালিকা থেকে বাদ দেন। একই সঙ্গে স্থানীয় ইউপি সদস্য জাকিরের সহযোগিতায় আর্থিক লেনদেনের মাধ্যমে অন্য ব্যক্তিদের তালিকাভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার ইউনিয়ন সমাজকর্মী কাউসাের ও কাজী শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলেও দীর্ঘ সময়েও কোনো সমাধান পাওয়া যায়নি। সর্বশেষ গত ২৪ জুন ২০২৬ তারিখে সমাজকর্মীর সঙ্গে দেখা করতে গেলে তিনি সমস্যার সমাধান না করে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযোগকারী খাইরুল বাসার সোহাগ জানান, তার কাছে সংশ্লিষ্ট কথোপকথনের ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে, যা প্রয়োজন হলে তদন্তকারী কর্তৃপক্ষকে প্রদান করা হবে। এছাড়া তার দোকানেও গিয়েও তাকে ম্যানেজ করার চেষ্টা করা হয়।
এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পিতার বয়স্ক ভাতা পুনর্বহালের দাবি জানিয়েছেন। এবং সমাজ সেবা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
ইউনিয়ন সমাজকর্মী কাজী শাহিন জানান, অভিযোগকারী খাইরুল বাসার সোহাগের বাবার নামে কোনো আবেদন তাদের কার্যালয়ে পাওয়া যায়নি। এছাড়া সোহাগের বাবাকে মৃত দেখানো হয়েছে— এমন অভিযোগও সঠিক নয় বলে তিনি দাবি করেন। টাকা ফেরতের বিষয়ে ভাইরাল হওয়া কথোপকথনের ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতির কারণে তিনি ওই মন্তব্য করেছিলেন, তবে সেটি কোনো অনিয়মের স্বীকারোক্তি ছিল না।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল হাসান রনির বক্তব্য জানার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
প্রতিনিধির নাম 



















