ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টার দিকে উখিয়া থানাধীন পানবাজার পুলিশ ক্যাম্প-০৯ এর চেকপোস্ট-০৯ এ তল্লাশিকালে তাকে আটক করা হয়।
৮ এপিবিএন সূত্র জানায়, চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন এক ব্যক্তি একটি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালান। পরে তার সঙ্গে থাকা লাল রঙের শপিং ব্যাগের ভেতরে থাকা নীল পলিপ্যাক থেকে ৬ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি নুরুল হক (২০)। তিনি সৈয়দ আমিনের ছেলে। তার এফসিএন নম্বর ১১২৩৯৩। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্প-০৯ এর ব্লক বি/০৭ এলাকার বাসিন্দা।
উদ্ধার হওয়া ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধির নাম 


















