এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : সংবাদপত্র হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বিচার, শাসন ও আইন বিভাগের পাশাপাশি আধুনিক যুগে সংবাদপত্র সমাজ ও রাষ্ট্রের দর্পণ হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোঃসিদ্দিকুর রহমান মিয়া।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিউজ টু নারায়ণগঞ্জ এর সম্পাদক ও প্রকাশক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান। প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউথ মাসুদ। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ‘খবরের পাতা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর সম্পাদক ও প্রকাশক মোঃ ইব্রাহিম খলিল বলেন,
একটি দশক পেরিয়ে আজ আমরা ১১ তম বছরে পা রাখলাম। এই পথচলায় আপনাদের সহযোগিতা ও ভালোবাসাই আমাদের শক্তি। ডিজিটাল যুগে সংবাদের গতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে দায়িত্বও। আমরা চাই ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সবসময় সত্যের পক্ষে, মানুষের পক্ষে ও জনকল্যাণে থাকুক। সমাজের অবহেলিত মানুষের কথা, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে আমাদের কলম যেন কখনো থেমে না যায়। পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে আমরা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই। আগামীতেও আপনাদের পরামর্শ ও সমালোচনাকে আমরা পাথেয় হিসেবে নেব।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমানে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। এই মাধ্যমগুলোকে রাষ্ট্র, সমাজ ও জনগণের স্বার্থে কথা বলতে হবে। সমাজের অন্যায়, অবিচার, দুর্নীতি এবং পিছিয়ে পড়া মানুষের কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে। সংবাদ যদি বস্তুনিষ্ঠ হয়, তবেই তা সবার জন্য মঙ্গল বয়ে আনে।
অনুষ্ঠানে ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর ১১তম বছর পদার্পনের শুভ উদ্বোধন ঘোষণা করেন এডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি পোর্টালটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, প্রতিষ্ঠানটি পেশাদারিত্ব ও ইথিকস বজায় রেখে যুগের পর যুগ টিকে থাকবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ন্যায়বিচারের পক্ষে কাজ করে যাবে।
অনুষ্ঠান শেষে কেক কেটে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এবং পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিনিধির নাম 


















