ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার সদর মডেল থানা পুলিশের দ্রুত অভিযানে অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই এক দৃষ্টি প্রতিবন্ধী ব্যবসায়ীর চোরাইকৃত মালামাল উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৯ জুলাই ২০২৫ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড গোলচত্বরের পশ্চিম পাশে রাস্তার ওপর থেকে দৃষ্টি প্রতিবন্ধী ব্যবসায়ী মো. মোরশেদ (৪২)-এর মালামাল চুরি হয়। চোরাইকৃত মালামালের মধ্যে ছিল ৩টি লাল ত্রিপল ও ৭৭০টি স্যাভলন সাবান, যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা।
এ ঘটনায় সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই কক্সবাজার সদর মডেল থানার আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাত্র দুই ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত জিয়াবুল হক (৩১)-কে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করে।
এ সময় চোরাইকৃত মালামালও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিনিধির নাম 


















