মোঃ আমিনুল ইসলামঃ ঢাকায় বসবাসরত বরুড়াবাসীর ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয়ে বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র বার্ষিক সাধারণ সভা, অভিষেক ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ আগস্ট ২০২৬, শনিবার, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভবন, কাকরাইল, ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে বরুড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়ার মাননীয় সংসদ সদস্য ও মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন।
সভাপতি: অতিরিক্ত সচিব জনাব শাহ আলম, সভাপতি, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা।
সার্বিক ব্যবস্থাপনায়: সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মনির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সাবেক সংসদ সদস্য, বরুড়া; অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, জনাব আব্দুল হক; সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজ আহমেদ এবং বরুড়া ফাউন্ডেশনের সভাপতি জনাব তোফাজ্জল আলী সহ আরও অনেকেই ।
এছাড়াও অনুষ্ঠানে বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি,ঢাকা’র সাবেক সভাপতি বাবু মনীন্দ্র কিশোর মজুমদার এবং সাবেক সাধারণ সম্পাদক জনাব মো. আব্দুস সামাদসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সদস্য এবং বরুড়ার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের বক্তব্য:
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং বরুড়ার সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এমপি বলেন, বরুড়ার মানুষের উন্নয়ন ও কল্যাণে তিনি সর্বদা আন্তরিকভাবে কাজ করে যেতে চান। বরুড়ার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বরুড়ার উন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়; বরুড়ার সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমেই একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বরুড়া গড়ে তোলা সম্ভব।
ঢাকায় বসবাসরত বরুড়াবাসীর সংগঠনগুলোকে আরও শক্তিশালী ও জনকল্যাণমুখী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংগঠনগুলো যেন দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষা, চিকিৎসা, অসহায় মানুষের সহায়তা এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে।
তিনি বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে বরুড়ার মানুষের কল্যাণে সংগঠনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তাদের অভিমত
বিশেষ অতিথিবৃন্দ ও অন্যান্য বক্তারা বলেন, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাসরত বরুড়াবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে সংগঠনটিকে আরও কার্যকর ও জনকল্যাণমুখী করতে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, বরুড়ার মানুষের আশা-আকাঙ্ক্ষার ঠিকানা হিসেবে এই সংগঠনকে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত প্রচার বা স্বার্থের ঊর্ধ্বে উঠে বরুড়ার মানুষের কল্যাণই সংগঠনের মূল লক্ষ্য হওয়া উচিত।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিক অভিষেক করা হয়। পাশাপাশি মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহের এমপি মহোদয়, জনকল্যাণের সাবেক সভাপতি বাবু মনীন্দ্রকিশোরমজুমদার, সাধারণ সম্পাদক জনাব মো. আবদুস সামাদ ও সিনিয়র সহ-সভাপতি জনাব মো. আমির হোসেন ভূঁইয়াকে জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বরুড়ার সার্বিক উন্নয়ন, বরুড়াবাসীর কল্যাণ এবং বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
প্রতিনিধির নাম 


















