মনির হোসেন,যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে মা ও শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার দোহাকুলা ইউনিয়নের খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত দুজন হলেন ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী জুবায়দা খাতুন (৩২) এবং তাদের ছয় বছর বয়সী ছেলে জিসান।
স্থানীয়রা জানান, শনিবার রাতে যশোরের বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামের জাকির হোসেনের বাড়ির ঘরে মা ও ছেলের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে। ঘটনার খবর পেয়ে জুবায়দার স্বামী জাকির হোসেনকে জানানো হয়।
ঘটনার সময় তিনি বহরামপুর বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। নিহত জুবায়দার ছোট বোন পিঞ্জিরা জানান, জাকির হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রায় এক বছর আগে তিনি দেশে ফিরে আসেন।
স্থানীয় পশু চিকিৎসক আক্তার হোসেন জানান, রাতে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখতে পান, জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় খাটের ওপর পড়ে আছে। একই খাটে জুবায়দার মরদেহও ছিল। তার গলায় ওড়না পেঁচানো এবং ওড়নার দুই প্রান্ত দুই হাতে ধরা ছিল।
বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বলেন, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে না। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, “ঘটনাটি সন্দেহজনক। আত্মহত্যা মনে হচ্ছে না। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।”#
প্রতিনিধির নাম 


















