বরুড়া (কুমিল্লা), ১৫ অক্টোবর ২০২৬: কুমিল্লার বরুড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদকদ্রব্যসহ পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন এবং সাত পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন রয়েছেন।
এ ছাড়া বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বরুড়া থানা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় রাবেয়া খাতুন (৩০) ও পলাতক আসামি শিরন মিয়া (৬২)-এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁরা কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের চিকুটিপাড়া এলাকার বাসিন্দা।
অপর একটি মাদক মামলায় সাত পিস ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দোহাকুলা এলাকার বাসিন্দা এবং বর্তমানে বরুড়া থানা এলাকায় বসবাস করছিলেন।
এ ছাড়া জিআর গ্রেফতারি পরোয়ানামূলে বরুড়ার পয়ালগাছা এলাকার মো. রাশেদ (২৪) এবং সিআর গ্রেফতারি পরোয়ানামূলে ঘোষ্পা পশ্চিমপাড়া এলাকার শাহাদাৎ (৩২) ও জীবনপুর চৌধুরী বাড়ি এলাকার লিপি আক্তার (৫৫)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত পাঁচজনকে যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিনিধির নাম 


















