ফরহাদ রহমান,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় সীমান্তঘেঁষা এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৭ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে পালংখালী বিওপির বিশেষ টহল মিয়ানমার সীমান্তের ফারির বিল এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক দশ কোটি আশি লক্ষ টাকা মূল্যের ৩,৬০,০০০ পিস ইয়াবা উদ্ধার করে।
বিজিবির ভাষ্য অনুযায়ী, রাত ১২টা ১০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে টহল দল সীমান্ত পিলারের কাছে অবস্থান নেয়। পরে প্রায় ১২টা ৩০ মিনিটে মিয়ানমার দিক থেকে দুইজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা সঙ্গে থাকা তিনটি কালো ব্যাগ ফেলে পালিয়ে যায়। তল্লাশিতে ব্যাগগুলো থেকে ৩৬ কাটে মোড়ানো মোট ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পর পলাতক চোরাকারবারিদের আটক করতে রাতভর চিরুনি অভিযান চালানো হলেও কাউকে পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।” তিনি জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ ও চোরাচালান দমনে উখিয়া ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছে — এই অভিযান সেই ধারাবাহিকতার আরেকটি নজির।
প্রতিনিধির নাম 



















