ফরহাদ রহমান,কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় রাতের পাহারায় থাকা পুলিশের তৎপরতায় ২০ হাজার পিস ইয়াবা জব্দ ও এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে চকরিয়া থানার এসআই (নিঃ) নাছির আহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এসময় সন্দেহজনক একটি Toyota Noah গাড়ি থামিয়ে তল্লাশি চালালে ইয়াবা উদ্ধার হয়।
পুলিশ জানায়, গাড়ি তল্লাশিতে ধরা পড়েন মোঃ জসিম হাওলাদার (৩৯)। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়ার সলিমপুর এলাকায়। তার কাছ থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট, Toyota Noah গাড়িটি এবং একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে আলামত জব্দের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। অভিযানের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে, যাতে মহাসড়কজুড়ে মাদক পরিবহন কার্যক্রম কঠোরভাবে দমন করা সম্ভব হয়।
প্রতিনিধির নাম 



















