ফরহাদ রহমান,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের গোদারবিল এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাঁড়াশি অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ২ বিজিবির বিশেষ আভিযানিক দল এ অভিযান চালায়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচার, অপহরণ, ছিনতাই এবং মুক্তিপণ বাণিজ্য ঠেকাতে বাহিনী সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ে গোদারবিল ও মেরিন ড্রাইভ এলাকায় একটি সশস্ত্র চক্র পর্যটক, যাত্রী ও স্থানীয়দের অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, অপহরণ ও জোরপূর্বক অর্থ আদায় করে আসছিল। বিষয়টি নজরে আসার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার ভোর ৪,৫০ মিনিটে একাধিক অভিযানিক দল কৌশলগত অবস্থানে থেকে গোদারবিল এলাকার ইমাম হোসেনের বাড়ি ঘিরে ফেলে। পরে দ্রুত ও পেশাদার কায়দায় অভিযান চালিয়ে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ নুর আহম্মদ (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তবে বাড়ির মালিক ইমাম হোসেনসহ চক্রের আরও কয়েকজন সদস্য রাতের অন্ধকারে পালিয়ে যায়। পলাতকদের ধরতে তৎপরতা চলছে বলে জানায় বিজিবি।
গ্রেফতার ব্যক্তি: নুর আহম্মদ (২৫), পিতা—মকবুল আহম্মেদ, গোদারবিল, ০৬ নং ওয়ার্ড, টেকনাফ সদর, কক্সবাজার।
পলাতক:ইমাম হোসেন, পিতা—আব্দুল জব্বার, গোদারবিল, টেকনাফ; এছাড়া নাম-পরিচয় অজ্ঞাত আরও ২-৩ জন।
জব্দকৃত আলামত:পাইপগান ১টি, ওয়ান সুটারগান ১টি, মোবাইল ফোন ১টি।
২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, অভিযানের সময় চক্রটির গোপন আস্তানা, চলাচলের পথ ও যোগাযোগ নেটওয়ার্ক শনাক্ত করা হয়েছে, যা ভবিষ্যৎ অভিযানে সহায়ক ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, “মানবতা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। সীমান্তে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড নির্মূল করতে অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং অস্ত্রগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
প্রতিনিধির নাম 



















