ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাতে সীমান্তবর্তী ক্যারেঙ্গাঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক লুৎফর রহমান (২১) টেকনাফ উপজেলার ক্যারেঙ্গাঘোনা গ্রামের নুর আহমেদের ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে কয়েকজন পাচারকারী মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে লুৎফর রহমানকে আটক করতে সক্ষম হয় টহল দল। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবি সূত্র জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রতিনিধির নাম 


















