ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার শহরে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি মো. মীর কাশেম (২৬)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে কক্সবাজার সদর মডেল থানার কবিতা চত্বরসংলগ্ন হোলিডে মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ জানায়, গত ২ জুলাই কক্সবাজার বিমানবন্দর সড়কে কিছু সিএনজি ও অটোরিকশা চালক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করলে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একদল ব্যক্তি কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়েরের পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র্যাব।
এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি মীর কাশেমকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া মীর কাশেম কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়া পাড়া (হাবিবের গ্যারেজ এলাকা) নিবাসী আব্দুল মোনাফের ছেলে।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তার বিরুদ্ধে এর আগেও মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, দণ্ডবিধিসহ বিভিন্ন অভিযোগে মামলা এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধির নাম 


















