ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নারী ও শিশুসহ হাজারো বাস্তুচ্যুত মানুষ দুর্ভোগে পড়েছেন। গাজার সিভিল ডিফেন্স আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি ভিত্তিতে ত্রাণ ও উদ্ধার সরঞ্জাম পাঠানোর আহ্বান জানিয়েছে।
শনিবার (৭ নভেম্বর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজার সিভিল ডিফেন্সের পরিচালক জানান, উপত্যকায় জরুরি সেবা ও ত্রাণসামগ্রীর তীব্র প্রয়োজন। ঝড়ের কারণে বিপুলসংখ্যক তাঁবু ধ্বংস হয়ে গেছে এবং নতুন তাঁবু সরবরাহ করা জরুরি।
সিভিল ডিফেন্স জানায়, সাম্প্রতিক ঝড়ে ১ হাজার ৫০০টির বেশি বিপদসংকেত বা সহায়তার ফোনকল পেয়েছে। ঝড়ের কারণে পুরো শরণার্থী শিবিরগুলো পানিতে তলিয়ে যাচ্ছে এবং বাস্তুচ্যুত মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা পানিতে ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন।
সংস্থাটি আরও জানায়, দুর্যোগের ব্যাপকতা এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। প্লাবিত এলাকা থেকে পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত পাম্প ও যন্ত্রপাতির অভাব রয়েছে।
এ অবস্থায় গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। সিভিল ডিফেন্স সতর্ক করেছে যে, জরুরি সহায়তা না পৌঁছালে বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে।
প্রতিনিধির নাম 

























