ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি বাঁশঝাড় থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। পরে জনৈক মো. আলমগীরের বাড়ির পেছনে একটি বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সেগুলো উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানায়, অবৈধ অস্ত্র, মাদক, সন্ত্রাস, হত্যা, অপহরণ ও মানব পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে কক্সবাজার, বান্দরবান ও পার্শ্ববর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
প্রতিনিধির নাম 

























