জামালপুর পৌরশহরের টিক্কাপট্টি এলাকায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে নারকেল গাছ থেকে ডাব চুরি করতে গিয়ে বিপাকে পড়ে এক কিশোর। গাছের মালিক ও পরিবারের সদস্যরা বিষয়টি জানার পর পুলিশকে খবর দেন।
পুলিশের উপস্থিতি দেখে কিশোরটি গাছের ওপরেই অবস্থান নেয়। পরে তাকে নামাতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর কিশোরটি প্রথমে তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলে এবং প্রশ্ন করে, ‘মাদক কেনাবেচা হয়, বড় বড় চুরি হয়, ব্যাংক ডাকাতি হয়, আপনারা সেগুলো ধরেন। আমারে ধরে কী হবে।’
দীর্ঘ তিন ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের কর্মীরা কিশোরটিকে বোঝানোর চেষ্টা করেন যে, তাকে আটক করা হবে না এবং পুলিশও চলে গেছে। একপর্যায়ে রাত ১২টার দিকে তার এলাকার লোকজন ঘটনাস্থলে এসে তাকে আটক করা হবে না বলে নিশ্চিত করেন।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার রবিউল ইসলাম জানান, কিশোরটিকে দীর্ঘ সময় ধরে বোঝানোর পর এবং পুলিশের কাছে না দেওয়ার শর্তে গাছ থেকে নামানো সম্ভব হয়েছে। পরে তাকে তার এলাকার লোকজনের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
প্রতিনিধির নাম 
























