ফরহাদ রহমান,কক্সবাজার: কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, একটি সিএনজি এবং একজন রোহিঙ্গা পাচারকারী আটক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি।
২৫ নভেম্বর সন্ধ্যায় রেজুআমতলী বিওপি’র বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—কুতুপালং এলাকা থেকে সিএনজিযোগে বিশাল ইয়াবার চালান কক্সবাজারে পৌঁছানো হবে। সংবাদ পেয়ে টহলদল অভিযান পরিচালনা করে। সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে সীমান্ত পিলার–৩৯ থেকে প্রায় ৮ কিলোমিটার ভেতরে হিজলিয়া এলাকায় সিএনজিটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
সিএনজির চালকের সামনে বক্স ও সিটের নিচে অভিনবভাবে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় ১,৩০,০০০ পিস বার্মিজ ইয়াবা। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি, একটি অ্যান্ড্রয়েড মোবাইল (Oppo F27) এবং এফডিএমএন রোহিঙ্গা নাগরিক আব্দুল্লাহ (২৪), পিতা মৃত মীর আহমেদ—ব্লক-ই, রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া—কে আটক করা হয়।
বিজিবি জানায়, আটককৃতকে উদ্ধারকৃত মালামালসহ যথাযথ আইনি প্রক্রিয়ায় থানায় সোপর্দের কার্যক্রম চলমান।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাই দেয় না, মাদক ও চোরাচালান দমনেও সমানভাবে অঙ্গীকারবদ্ধ। এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও নানা অবৈধ চোরাচালান দমনে ধারাবাহিক সাফল্য বজায় রেখে আসছে। এসব অভিযানে কক্সবাজারের সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ আরও শক্তিশালী হয়েছে।
প্রতিনিধির নাম 



















