সিকু চাকমা,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিপিডিসি কর্মকর্তাদের গাফিলতিতে ট্রান্সফরমার পরিবর্তনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নজরুল (৪৮) নামে এক বিদ্যুৎ লাইন টেকনিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৩৩ মিনিটে নাসিক ৬নং ওয়ার্ডের মুনলাইট হলের পূর্ব পাশে নাগিনা জোহা আদমজী-নারায়ণগঞ্জ রোডে সোনামিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন আরও দুই বিদ্যুৎ কর্মী—আব্দুল করিম (৩৫) ও আব্দুল রাজ্জাক (৩৫)। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সকালে ডিপিডিসির ঠিকাদার আব্দুর রহমানের নেতৃত্বে ৯ জন বিদ্যুৎ কর্মী এবং ডিপিডিসির লাইনম্যান আক্তার ঘটনাস্থলে যান ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার পরিবর্তনের জন্য। কাজ শুরুর আগে লাইনম্যান আক্তার কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা মো. শাহআলম ও উজ্জ্বলকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
রাখার নির্দেশ দেন।
বিদ্যুৎ সংযোগ বন্ধের নির্দেশনার পর লাইনম্যান আক্তার টেকনিশিয়ান নজরুলকে কাজ শুরু করতে বলেন। নজরুল খুঁটিতে উঠে ট্রান্সফরমার পরিবর্তনের সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির সাথে আটকে যান। তাকে উদ্ধার করতে গেলে বিদ্যুৎ কর্মী আব্দুল করিম ও আব্দুল রাজ্জাকও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আদমজী ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের উদ্ধার করেন।
স্থানীয়দের অভিযোগ, ডিপিডিসির কর্মকর্তাদের গাফিলতিতেই এ দুর্ঘটনা ঘটেছে। সঠিকভাবে লাইন বন্ধ না করায় এই মৃত্যু ও আহতের ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।
এ বিষয়ে ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী বলেন, “কীভাবে এ ঘটনা ঘটল তা এখনই বলা সম্ভব নয়। দায়িত্বে থাকা কারও গাফিলতি ছিল কি না তা তদন্ত করে দেখা হবে। এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে।”
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। নজরুল নামে একজন মারা গেছেন এবং দুই জন আহত হয়েছেন। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।”
দুঃখজনক এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিনিধির নাম 



















