ফরহাদ রহমান,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় বঙ্গোপসাগরের জেলে ধরা পড়েছে ১৬৬ কেজি ওজনের বিরল আকৃতির ভোল মাছ। মাছটি ক্রয় করা হয়েছে এক লাখ ৮০ হাজার টাকায়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে গিয়ে জেলেরা হঠাৎ জেলের জালে আটকে পড়া বিশাল মাছটি দেখতে পান। অতিরিক্ত ওজনের কারণে মাছটি নৌকায় তুলতে প্রচণ্ড কষ্টে পড়তে হয়।
জেলে সাইফুল ইসলাম বলেন, “এত বড় মাছ জীবনে কখনও দেখিনি। তুলতে হিমশিম খেতে হয়েছে।”
প্রাথমিকভাবে মাছটির দাম দুই লাখ টাকা হাঁকানো হলেও পরে স্থানীয় ব্যবসায়ী করিম সওদাগর এক লাখ ৮০ হাজার টাকায় এটি ক্রয় করেন। মাছটি লামার বাজারের আড়তে বিক্রির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। করিম সওদাগর জানান, মাছটি রাজধানী ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
স্থানীয় জেলেরা জানান, এমন বিশাল ভোল মাছ বহু বছর ধরে তাদের জালে ধরা পড়েনি। বিরল এই মাছ ধরা পড়ায় এলাকার মানুষজনের মধ্যে উৎসাহ ও কৌতূহল ছড়িয়ে পড়েছে।
প্রতিনিধির নাম 



















