ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলায় অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (৮ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফজল কাদের বাহিনীর সদস্যরা মহেশখালী থানার ধলঘাটা নাছিরডেল এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটকরা হলেন- মো. আলমগীর (৩৪), তৌহিদুল ইসলাম কালু (২৪), ফারুক (২৫) ও কাইয়ুম উদ্দিন (৩৫)। তারা সবাই মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের উত্তর মুহুরীঘোনা এলাকার বাসিন্দা।
কোস্ট গার্ড জানায়, আটকরা দীর্ঘদিন ধরে ফজল কাদের বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 



















