চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ বোরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বোরচর একতা গ্রুপের সার্বিক ব্যবস্থাপনায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এখলাছপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগ দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে সোহাগ দেওয়ান বলেন, যুবসমাজকে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ সমাজ খেলার মাঠে থাকলে তারা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে এবং পড়াশোনায় মনোযোগী হবে।
তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে এবং মেধার বিকাশ ঘটে। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন তানবির হায়দার খান ও ছানা উল্লাহ প্রধান প্রমুখ।
ফাইনাল খেলায় আলোর ঝলক তরুণ সংগঠন ২-১ গোলে এসএসসি ব্যাচ-২০২৪-কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। খেলাটি পরিচালনা করেন মো. ইয়ামিন সরকার ও মো. শফিক বেপারী।
ফাইনাল খেলাটি উপভোগ করতে চরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে প্রায় সহস্রাধিক দর্শক উপস্থিত হন। উৎসবমুখর পরিবেশে দর্শকরা উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলাটি উপভোগ করেন।
নিজস্ব প্রতিবেদক 

















