ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফগামী যাত্রীবাহী মিনি বাসে তল্লাশি চালিয়ে ২৪০ ক্যান বিয়ার ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে উখিয়া ৬৪ বিজিবি। এ ঘটনায় মোহাম্মদ ইসহাক (৩১) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে হোয়াইক্যং চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
আটক মোহাম্মদ ইসহাক টেকনাফ থানাধীন শুক্কুরের বাড়ি বাজারপাড়া এলাকার আব্দুস শুক্কুরের ছেলে।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি মিনি বাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা মাদক শনাক্তকারী ডগ ‘রকি’র সহায়তায় তল্লাশি চালান। এ সময় বাসের বক্সে রাখা একটি লাগেজ থেকে ২৪০ ক্যান বিয়ার ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি কক্সবাজার থেকে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে টেকনাফে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। পরে বাসটিতে আরও তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
বিজিবির অধিনায়ক আরও জানান, অবৈধ মালামালের সরবরাহকারী ও চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।
প্রতিনিধির নাম 


















