উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে। ২ ও ৩ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনকালে এ তথ্য জানান।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এটি গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন পাসের হার। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা থেকে এবারের পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।
এ বছর ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন উত্তীর্ণ হয়েছেন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন ছাত্রী এবং ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন ছাত্র।
জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী, যার মধ্যে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ১৯ হাজার ৭২১ জন ছাত্রী। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭ জন, ফলে এবারে সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩।
এ বছর ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি, যা গত বছরের ২০২টির তুলনায় বেড়েছে ৯১টি। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি এবং লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
প্রতিনিধির নাম 

























