হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামীর ধর্মীয় আদর্শের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামীর দ্বীন আমাদের দ্বীন নয়, জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়।’
শুক্রবার (০৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বিনি মহাসম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। বাবুনগরী বলেন, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে অস্বীকার করার মাধ্যমে মওদুদীবাদ ইসলামের মৌলিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে।
তিনি আরও বলেন, সাহাবায়ে কেরামের অনুসৃত পথ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পথই সাহাবায়ে কেরামের পথ। ইসলামের মৌলিক আমলগুলো সাহাবায়ে কেরামের মাধ্যমেই এসেছে, তাই তাদেরকে অস্বীকার করা দ্বিনের ধারাবাহিকতাকেও প্রশ্নের মুখে ফেলে।
মাদরাসার বার্ষিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 























