ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার সাথে চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে বার্সেলোনা। ২৯ বছর বয়সী এই তারকার পূর্ববর্তী চুক্তির আরও দুই বছর বাকি ছিল। চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পর ক্লাবটি দ্রুত তাকে নতুন চুক্তিতে বেঁধে ফেলার উদ্যোগ নেয়।
নতুন পজিশন ‘নাম্বার নাইন’ (স্ট্রাইকার) হিসেবে নিজেকে গুছিয়ে নেওয়ার পর রাফিনহা ১৩ ম্যাচে ১৯টি গোল করেছেন। গত মঙ্গলবার ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-০ ব্যবধানে হারানোর দিনেও তিনি জোড়া গোল করেন।
চুক্তি স্বাক্ষরের পর ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে রাফিনহা বলেন, “আশা করি আরও বহু বছর এখানে থাকতে পারব এবং শরীর সঙ্গ দিলে নিজের সেরাটা দিয়ে যেতে পারব।” তিনি ক্লাবের জন্য সর্বস্ব উজাড় করার প্রতিশ্রুতি দেন।
বার্সেলোনায় যোগ দেওয়ার পর রাফিনহা প্রধানত উইঙ্গার হিসেবে খেললেও স্ট্রাইকার হিসেবে নতুন ভূমিকায় তিনি সাফল্য পাচ্ছেন। তিনি বলেন, “আমি পজিশন বদলেছি এবং সবার জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।”
রাফিনহা তার লক্ষ্য পুনর্ব্যক্ত করে বলেন, “এখন থেকে ২০৩০ সালের মধ্যে বার্সার জার্সিতে যত বেশি সম্ভব শিরোপা জিততে চাই।” উল্লেখ্য, গত মৌসুমের লা লিগা শিরোপা ধরে রাখার মিশনে বার্সেলোনা ১১ ম্যাচের মধ্যে ১০টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।
প্রতিনিধির নাম 























