মনির হোসেন, যশোর প্রতিনিধি: যশোরে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও পরবর্তী সময়ে ব্ল্যাকমেইলের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতে দায়ের করা এক নারীর নালিশি অভিযোগটি কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।
মামলার আসামি রাসেল পারভেজ ওরফে আব্দুর রহমান (৩২)। তিনি যশোর শহরতলির শেখহাটি তরফ নওয়াপাড়া খেজুরবাগান এলাকার আব্দুর রহিমের ছেলে এবং জান্নাতুন বানাত মহিলা মাদ্রাসার শিক্ষক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১৯ বছর বয়সী ওই নারী যশোরের একটি মহিলা মাদ্রাসায় লেখাপড়া করতেন। ওই প্রতিষ্ঠানের শিক্ষক রাসেল পারভেজ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। পরে ওই নারী জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তি বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে। বিষয়টি জানার পর পরিবারের পক্ষ থেকে ওই নারীকে অন্যত্র বিয়ে দেওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, বিয়ের পরও অভিযুক্ত ব্যক্তি আগের সম্পর্কের কথা ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীকে ব্ল্যাকমেইল করতে থাকেন। গত ১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে শেখহাটি বাবলাতলা এলাকায় ওই নারীর ভাড়া বাসায় গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর স্বামী বাসায় এসে তাদের দেখে ফেলেন।
এ ঘটনার পর ওই নারীর বৈবাহিক জীবনে ভাঙন ধরে। তার স্বামী তাৎক্ষণিকভাবে তাকে তালাক দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করে ভুক্তভোগীকে আইন অনুযায়ী বিয়ে করার লিখিত অঙ্গীকার করেন। এ বিষয়ে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামাও দেওয়া হয় বলে অভিযোগকারীর দাবি।
তবে বর্তমানে অভিযুক্ত ব্যক্তি ওই অঙ্গীকার অস্বীকার করে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে নালিশি অভিযোগ দায়ের করেন। আদালতে দায়ের করা অভিযোগটি পরবর্তী সময়ে যশোর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।
প্রতিনিধির নাম 
























