ফরহাদ রহমান : কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালীর গহীন পাহাড়ে রুদ্ধশ্বাস চিরুনি অভিযান চালিয়ে অপহরণ, মুক্তিপণ আদায় ও মানবপাচারের শিকার ২৪ জন ভিকটিমকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব জানায়, সাম্প্রতিক সময়ে কক্সবাজার উপকূলে সাগরপথে মানবপাচার চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে। এ প্রেক্ষিতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও মানবপাচারবিরোধী অভিযান জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর (মঙ্গলবার) রাতে র্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এবং সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর যৌথ আভিযানিক দল অধিনায়ক মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালীর দুর্গম পাহাড়ে অভিযান চালায়। তিন ঘণ্টাব্যাপী এ রুদ্ধশ্বাস অভিযানে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা ২৪ জন রোহিঙ্গাকে (পুরুষ ৪, নারী ১০ ও শিশু ১০ জন) উদ্ধার করা হয়। তবে পাচারকারী দালালচক্র র্যাবের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের ভিতর পালিয়ে যায়।
উদ্ধার হওয়া ভিকটিমদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ৩-৪ দিন আগে একটি দালাল চক্র উখিয়া থানাধীন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবক, যুবতী ও শিশুদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাঠানোর আশ্বাস দেয়। পরে তাদের বাহারছড়ার পাহাড়ের চূড়ায় রোকসানার ঘরে ভয়ভীতি প্রদর্শন করে আটকে রাখে। র্যাবের অভিযানে সেই চক্রের পাঁচজন সদস্যের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ৭/৮/১০ ধারায় ৫ জন চিহ্নিত পাচারকারীসহ অজ্ঞাত আরও ৬-৭ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাবের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাগরপথে মানবপাচার রোধে র্যাব-১৫ এর অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 



















