মোঃ আমিনুল ইসলাম: কুমিল্লার বরুড়া থানা পুলিশ পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে পর্নোগ্রাফি মামলার এক আসামিকে গ্রেপ্তার, ইয়াবা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
বরুড়া থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার ১ নম্বর আগানগর ইউনিয়নের আগানগর এলাকা থেকে সাকিব (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বসতঘর থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, ইয়াবা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হৃদয় হোসেন (১৯) ও ফারুক (৪২) নামে দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, পর্নোগ্রাফি উৎপাদন, সুবিধা আদায় ও প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় জয়নাল আবেদীন (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২ জুলাই) আদালতে পাঠিয়েছে পুলিশ।
এ ছাড়া পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিনজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বরুড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, পর্নোগ্রাফি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 















