ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আনুমানিক ৯ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তি টেকনাফ উপজেলার জাদীমুরা গ্রামের মৃত ছৈয়দ আমীনের ছেলে ইসমাইল (৩৮)।
শুক্রবার (৩ জুলাই) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবির টহল দল ও নারকোটিকস ডগ ‘রকি’র সহায়তায় তল্লাশি চালানো হয়। এ সময় ডগ ‘রকি’র সংকেতের ভিত্তিতে বাসের এক যাত্রী ইসমাইলকে তল্লাশি করা হলে তার আসনের নিচে কালো পলিথিনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
প্রতিনিধির নাম 



















