ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:- টানা ৬-৭ দিনের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার সদর ও রামু উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান কক্সবাজার সদর উপজেলার মধ্যম মুহুরীপাড়া এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের গনি সওদাগড় পাড়াসহ কয়েকটি ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেন। এ সময় তিনি এসব এলাকায় স্থাপিত তিনটি জরুরি আশ্রয়কেন্দ্রও পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি পানিবন্দি পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন। জেলা প্রশাসক বলেন, ভারী বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে জেলার সব সুইচ গেট পানি প্রবাহের জন্য খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলায় ৬৪০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যাতে প্রয়োজন হলে ক্ষতিগ্রস্ত মানুষ নিরাপদ আশ্রয় নিতে পারেন।তিনি আরও জানান, জেলার বিভিন্ন উপজেলায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ রয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া আক্রান্ত মানুষের জরুরি সহায়তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু রাখা হয়েছে।পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান পানিবন্দি ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।এ সময় কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামু উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পানিবন্দিদের মাঝে ত্রাণ বিতরণ
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০২:২৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- ২৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















