ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার কোচ থেকে ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসের হেল্পারকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করেছে পুলিশ।পুলিশ জানায়, শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সেন্টমার্টিন ট্রাভেলস কাউন্টারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার কোচ থামিয়ে তল্লাশি চালানো হয়।তল্লাশিকালে বাসটির স্লিপিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে বাসটির হেল্পার মো. শেখ রাতুল (২৩)-কে আটক করা হয়। তবে অভিযানের সময় চালক নাজমুল পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।পুলিশ মাদক পরিবহনে ব্যবহৃত বিলাসবহুল স্লিপার কোচটি জব্দ করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 


















