ঢাকার ধামরাইয়ে কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে তিনটি বাড়ির দরজার সামনে কাফনের কাপড়, আতর, সাবান ও গলাকাটা ব্রয়লার মুরগি রেখে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, মোসলেহ উদ্দিন, ওয়াহিদ ভূঁইয়া রিপন ও সেন্টু মিয়ার বাড়ির সামনে এসব জিনিস রাখা হয়। এর আগে একই এলাকায় সোহরাব হোসেন সাগরের বাড়ির সামনে একই ধরনের ঘটনা ঘটেছিল। ভুক্তভোগীরা ধারণা করছেন, পূর্বশত্রুতার কারণে এসব রাখা হয়েছে।
মোসলেহ উদ্দিন বলেন, গত মাসের ২০ তারিখে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছিল এবং সে সময় হুমকিও দেওয়া হয়েছিল। তিনি থানায় অভিযোগ করেছেন, তবে তেমন সহযোগিতা পাননি। সেন্টু মিয়া জানান, তার বাড়ির সামনেও একইভাবে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি রাখা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধির নাম 




















