খুলনায় চাঁদাবাজির আতঙ্ক স্বাস্থ্যসেবা — খুলনায় চাঁদাবাজি, হামলা ও গুলির ঘটনায় উদ্বেগ বাড়ছে ব্যবসায়ীদের মধ্যে। চাঁদাবাজদের দাপটে একের পর এক প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন তারা। অভিযোগ রয়েছে, চাঁদা দিতে না পারায় ডায়াগনস্টিক সেন্টার বন্ধের হুমকি দেওয়া হচ্ছে। সন্ত্রাসীদের পাল্টা হত্যার হুমকির মুখে আবারও খুলতে বাধ্য হচ্ছেন মালিকপক্ষ।
সম্প্রতি খুলনা মহানগরীর চারটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। চাঁদা দাবির কারণে নগরীর বেশ কয়েকটি ওষুধের দোকানও বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বড় বাজার এলাকার পাইকার ও আড়তদারদের কাছেও চাঁদা দাবি করা হচ্ছে। ভয়ের কারণে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
খুলনার সাবেক সিভিল সার্জন ও খুলনা মেডিক্যাল কলেজের ডেপুটি ডিরেক্টর ডা. সুজাত আহমেদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয়েছে। গত ৫ নভেম্বর তার এলপিআর শুরু হয়। রবিবার রাত ১১টার দিকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন ও বার্তা পাঠিয়ে চাঁদা চাওয়া হয়। তিনি জানান, ‘ভয়ে থানায় লিখিত অভিযোগও দিইনি। আমি নিরাপত্তাহীনতায় আছি।’
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় কেউ লিখিত বা মৌখিকভাবে অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গত ৭ নভেম্বর নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে সন্ত্রাসীরা। প্রতিষ্ঠানটির মালিক জানান, প্রথমে ৩০ লাখ, পরে ২০ লাখ এবং সর্বশেষ ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সন্ত্রাসীরা হুমকি দেয়, ‘চাঁদা না দিতে পারলে রাত ১১টার মধ্যে প্রতিষ্ঠান বন্ধ করে দিবি।’ ফলে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হন তারা।
এ ঘটনার পর গণমাধ্যমকর্মীরা প্রতিষ্ঠানের সামনে থেকে সরাসরি লাইভ সম্প্রচার শুরু করেন। বিষয়টি নুর আজিমের নজরে এলে তিনি মালিক ও ম্যানেজারকে ফোন করে হুমকি দেন। ম্যানেজার জাহিদের ভাষ্য অনুযায়ী, তাদের বলা হয়, ‘প্রতিষ্ঠান না খুললে তোদের হত্যা করা হবে।’
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, ‘প্রতিষ্ঠানটির পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ দেওয়া হয়নি। তবে ফোনে কথা হওয়ার পর তাদের ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে বলা হয়েছে। তারা সেটি খুলেছেন।’
খুলনায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, ‘সন্ত্রাসীদের কাছে অসহায় রাজনীতিবিদরাও। সব মিলিয়ে খুলনাবাসী ভালো নেই।’
চাঁদাবাজির আতঙ্কে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত এক মাসে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। খুলনার অতি পরিচিত চয়নিকা ও মল্লিক ব্রাদার্সসহ অন্তত ১০টি ফার্মেসি বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।
ওসি লোকমান হোসেন বলেন, ‘সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভয়ে কোনও প্রতিষ্ঠান বন্ধ রাখলে তারা আরও উৎসাহিত হবে। তবে রূপসার ফার্মেসিগুলো আজও বন্ধ রয়েছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। এরই মধ্যে নুর আজিম গ্রুপের ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘ডায়াগনস্টিক সেন্টারগুলোয় হামলার ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি। তবে সন্ধানী ক্লিনিকের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।’
প্রতিনিধির নাম 























