বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে — বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবারের হামলার পর শনিবারও একই স্থাপনায় হামলার দাবি করেছে ইরান।
ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের রিফা বিমান ও হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে হামলায় স্থাপনাটির ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটি হিসেবে পরিচিত।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়ার অংশ হিসেবে এই হামলা করা হয়েছে। তারা দাবি করেছে, বাহরাইনের রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত আমেরিকান বিমান প্রতিরক্ষা রাডারটিকে ছয়টি ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এর আগে শুক্রবারও আইআরজিসি বাহরাইনে মার্কিন আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ধ্বংসের দাবি করেছিল। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ওই দাবি নাকচ করে জানায়, ইরানের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক উসকানি ও তেল চোরাচালানের জবাবে শুক্রবারের হামলাকে ‘কঠোর সতর্কবার্তা’ হিসেবে দেখা হচ্ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের পর উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি এবারই প্রথম করেছে তেহরান।
এদিকে, সাম্প্রতিক সময়ে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে একাধিক সতর্কবার্তা দিয়েছে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
ফার্সে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। তারা মন্তব্য করেছে, ওই জলপথ দিয়ে জাহাজ চলাচলে মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব আরও কঠোর ও বিধ্বংসী হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।
প্রতিনিধির নাম 

























