সিকু চাকমা: আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সিদ্ধিরগঞ্জে অবস্থিত জেলা শাখা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে নতুন রোডসহ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। সভাপতির বক্তব্যে মনির হোসেন বলেন, মুক্তিযুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এ দেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে অন্য কোনো দেশের শাসন বা আধিপত্য মেনে নেওয়ার জন্য নয়। পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা শেখ হাসিনার গোলামি করার জন্য নয়।
তিনি আরও বলেন, মানুষ যখন দেখেছে, শেখ হাসিনা ভারতের সহযোগিতায় বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখন জনগণ এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ভিন্নমতাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দমন-পীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। আওয়ামী লীগ ও তাদের সমর্থক ছাড়া দেশের অন্যান্য মানুষের ওপরও জুলুম-নির্যাতন চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. দেলোয়ার হোসেন ও এরশাদ গাজী, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মৃধা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারহান হোসেন রুবেল, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মো. আক্কাস আলী।
এছাড়াও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. রুহুল আমিন, সাজ্জাদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 
























