মোহাম্মদ রাসেল মির্জা,টেকনাফ প্রতিনিধি: টেকনাফে পৃথক দুটি অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার এবং ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সী-বীচ বিওপির সদস্যরা মেরিন ড্রাইভ সংলগ্ন তুলাতুলি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় কয়েকজন ব্যক্তি একটি কার্টন বহন করে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কার্টনটি ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত কার্টন তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য ৬৬ হাজার ৫০০ টাকা।
এদিকে একই দিন সকালে দমদমিয়া বিওপি চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে চট্টগ্রাম থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. নিজাম (২০) ও রবি দাশ (৪৮) নামে দুই যাত্রীকে আটক করা হয়েছে। জব্দকৃত চোলাই মদের আনুমানিক সিজার মূল্য ২ হাজার ৪০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্ট তল্লাশি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত গাঁজার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে আটক দুই আসামি ও জব্দকৃত চোলাই মদ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধির নাম 


















