কক্সবাজারের টেকনাফে লেদা নুরালীপাড়া পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে, যাতে এক সেনাসদস্য নিহত হয়েছেন। অভিযানে ৫৭ জন মানবপাচারের শিকারকে উদ্ধার করা হয়েছে এবং তিনজন পাচারকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন এক সেনাসদস্য, যিনি পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
কক্সবাজারের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়ে যৌথ অভিযান এখনো চলমান রয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাচারকারী চক্র সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই পাহাড়ি আস্তানায় অর্ধশতাধিক মানুষকে আটকে রেখেছিল। অভিযানের সময় পাচারকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি হয়।
প্রতিনিধির নাম 





















