বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনে ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। সেখানে তিনি বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও আস্থার সংকট মোকাবিলায় গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ উল্লেখ করে ইসমাইল জবিউল্লাহ বলেন, বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারস্পরিক আস্থা পুনঃপ্রতিষ্ঠা অপরিহার্য। তিনি গণতন্ত্রকে জনগণের সঙ্গে রাষ্ট্রক্ষমতার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের একটি সামাজিক চুক্তি হিসেবে বর্ণনা করেন।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জনগণের সেবা করার দায়িত্বের কথা উল্লেখ করেন এবং শান্তি নিশ্চিত করার জন্য সংলাপের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের মানবিক বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেন।
মো. ইসমাইল জবিউল্লাহ আন্তঃমহাদেশীয় রাজনৈতিক সংলাপের গুরুত্বও তুলে ধরেন এবং অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি জানান, কোনো রাজনৈতিক দলের অন্য দেশের রাজনৈতিক দলকে সমর্থন করা উচিত নয়, যাতে সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়।
প্রতিনিধির নাম 
























