জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, মাদকমুক্ত যুবসমাজ গড়তে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও গবেষণামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করছেন ব্যারিস্টার জাইমা রহমান।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে শরীয়তপুরের ডামুড্যা সরকারি কলেজ মাঠে ব্যারিস্টার জাইমা রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হুইপ অপু বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার চর্চা বাড়ানোর কোনো বিকল্প নেই। তরুণদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক ও সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে।
অপু বলেন, আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা নিজেদের মেধা, যোগ্যতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তরুণদের সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরিতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিনিধির নাম 
























