উৎসবের বেঁচে যাওয়া খাবার — উৎসবের দিন বাড়তি খাবার রান্না হওয়া একটি সাধারণ বিষয়। অনেকেই বেঁচে যাওয়া পোলাও, বিরিয়ানি বা মাংস ফেলে না দিয়ে ফ্রিজে সংরক্ষণ করেন। তবে রান্না করা খাবার সঠিকভাবে সংরক্ষণ না করলে তা জীবাণুর জন্ম দিতে পারে, যা পরে বিষক্রিয়ার কারণ হতে পারে।
রান্না করা খাবার কত দ্রুত ঠান্ডা করে ফ্রিজে রাখা হয়েছে এবং কীভাবে সংরক্ষণ করা হয়েছে, তার উপর খাবারের নিরাপত্তা নির্ভর করে। বিশেষ করে ভাত, পোলাও বা বিরিয়ানির ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। রান্নার পর খাবার ঘরের তাপমাত্রায় দীর্ঘক্ষণ ফেলে রাখা উচিত নয়। সাধারণত রান্নার পর বা পরিবেশনের জন্য টেবিলে তোলার দুই ঘণ্টার মধ্যে খাবার ফ্রিজে রাখতে হবে।
যদি ঘরের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তবে এক ঘণ্টার মধ্যে খাবার ফ্রিজে রাখা জরুরি। কারণ ৫ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বিভিন্ন ধরনের ব্যাক্টেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। তাই রান্না করা খাবারকে ছোট ছোট, অগভীর পাত্রে ভাগ করে রাখা উচিত, যাতে খাবার দ্রুত ঠান্ডা হয়।
ভাত ও পোলাওয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। রান্না করা ভাত দীর্ঘক্ষণ ঘরের তাপমাত্রায় পড়ে থাকলে ‘ব্যাসিলাস সিরিয়াস’ নামের ব্যাক্টেরিয়া বংশবৃদ্ধি করতে পারে। এই ব্যাক্টেরিয়ার তৈরি কিছু বিষাক্ত উপাদান উচ্চ তাপমাত্রাতেও নষ্ট হয় না। তাই ভাতজাতীয় খাবার রান্নার পর দ্রুত ঠান্ডা করে ফ্রিজে রাখা উচিত।
ফ্রিজ থেকে বারবার পুরো পাত্র বের করে অল্প খাবার গরম করে আবার বাকিটা ফ্রিজে তুলে রাখার অভ্যাস এড়ানো উচিত। এতে খাবারের তাপমাত্রা বার বার ওঠানামা করে, যা জীবাণু বাড়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। যতটা খাবার প্রয়োজন, ততটাই আলাদা পাত্রে নিয়ে গরম করা উচিত। একবার গরম করা খাবার ফের ঠান্ডা করে ফ্রিজে রাখার অভ্যাসও এড়ানো উচিত।
মাইক্রোওয়েভে খাবার গরম করার সময় মাঝখানে নাড়িয়ে দেওয়া উচিত, যাতে খাবারের সব অংশে সমানভাবে তাপ পৌঁছায়। তরকারি, ঝোল বা স্যুপ গরম করার সময় ভাল করে ফুটিয়ে নিতে হবে। বাইরের অংশ গরম হলেই হবে না, ভেতরের অংশও যথেষ্ট গরম হওয়া জরুরি।
মাংস, মাছ, ডিম, দুধ, পনির, ছানা বা ক্ষীর দিয়ে তৈরি খাবার সহজেই নষ্ট হতে পারে। তাই রান্না বা পরিবেশনের সময় পরিষ্কার হাত, চামচ ও বাসন ব্যবহার করা উচিত। খাবার ঢেকে ফ্রিজে রাখা জরুরি। কাঁচা মাংস বা মাছের সঙ্গে রান্না করা খাবার একই পাত্রে রাখা উচিত নয়, এতে জীবাণু ছড়ানোর আশঙ্কা থাকে।
ফ্রিজের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে রাখার চেষ্টা করা উচিত। রান্না করা খাবার সাধারণত তিন থেকে চার দিনের মধ্যে খেয়ে ফেলা ভালো। তবে ভাত বা পোলাওয়ের মতো খাবার যত দ্রুত সম্ভব খেয়ে নেওয়াই নিরাপদ। খাবারে অস্বাভাবিক গন্ধ, রং বা গঠন দেখা গেলে তা খাবেন না।
ডিপ ফ্রিজে রাখা খাবার গলানোর জন্য দীর্ঘক্ষণ রান্নাঘরের টেবিলে ফেলে রাখবেন না। বরং ফ্রিজের সাধারণ তাকে রেখে ধীরে ধীরে বরফ গলাতে পারেন। মাইক্রোওয়েভের ডিফ্রস্ট পদ্ধতি ব্যবহার করলে বরফ গলার পরই খাবার রান্না বা গরম করে নেওয়া উচিত।
বেঁচে যাওয়া খাবার থেকে বিষক্রিয়া হলে বমি, ডায়রিয়া বা পেটব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। শিশু, বয়স্ক ব্যক্তি এবং অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। এমন উপসর্গ দেখা দিলে, বিশেষ করে সমস্যা বাড়তে থাকলে, চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
প্রতিনিধির নাম 

























