হংকংয়ের মেগা ফ্যানস এক্সপো — হংকংয়ের প্রথম বড় প্রাপ্তবয়স্ক বিনোদনবিষয়ক প্রদর্শনী মেগা ফ্যানস এক্সপো ২০২৬ (এমএফই) আকস্মিকভাবে বাতিল হয়েছে। প্রদর্শনীটি রিগ্যাল এয়ারপোর্ট হোটেলে শুক্র থেকে রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে বৃহস্পতিবার প্রিভিউ অনুষ্ঠান শুরুর ৪৮ ঘণ্টারও কম সময় আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আয়োজকেরা বুধবার এই বাতিলের ঘোষণা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন, তবে বাতিলের কারণ উল্লেখ করা হয়নি। জানা গেছে, প্রায় ৩০ জন জাপানি এডাল্ট-ভিডিও (এভি) শিল্পীর কয়েকজন বিমানবন্দরে প্রবেশ-জটিলতায় পড়েছেন। তবে হংকংয়ের অভিবাসন কর্তৃপক্ষ এ দাবি অস্বীকার করেছে।
হংকংয়ের অভিবাসন বিভাগ বৃহস্পতিবার জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের শহরে প্রবেশে বাধা দেওয়া হয়নি। তাদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠান বাতিলের খবর জানার পর ওই ব্যক্তিরা নিজেদের ইচ্ছায় হংকং ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বাতিল হওয়া প্রদর্শনীর অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে হিবিকি ওতসুকি, রেনা মিয়াশিতা ও হিকারি আওজো রয়েছেন। ওতসুকি সামাজিক মাধ্যমে জানান, তিনি আগেই প্রয়োজনীয় ভিসা নিয়েছিলেন, তবে পৌঁছানোর পর অভিবাসন কর্মকর্তারা তার ম্যানেজার, ক্রু সদস্য ও সঙ্গী শিল্পীদের ফিরিয়ে দেন। তিনি লেখেন, "এমন ঘটনা এই প্রথম, আমি স্তম্ভিত।" মিয়াশিতা জানান, পুরো দলটিকে বাধ্যতামূলকভাবে ফেরত পাঠানো হচ্ছে বলে মনে হচ্ছে।
জাপানি প্রবীণ এডাল্ট অভিনেতা তাকা কাতোর বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। আকস্মিক বাতিলে হাজার হাজার টিকিটধারী নিজেদের বুকিং নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন, বিশেষ করে যারা অতিরিক্ত প্রিমিয়াম সুবিধা কিনেছিলেন।
হংকংয়ের অভিবাসন বিধি অনুযায়ী, পর্যটক হিসেবে আসা বিদেশিদের সাধারণত বেতনভুক্ত বা বিনা বেতনে কোনও কাজ করার অনুমতি নেই। ফলে বাণিজ্যিক পারফরম্যান্স, অর্থের বিনিময়ে উপস্থিতি ও ভক্তদের সঙ্গে পারিশ্রমিকভিত্তিক সাক্ষাতের জন্য শিল্পীদের হংকংয়ে যাওয়ার আগে উপযুক্ত কর্মসংস্থান ভিসা বা প্রবেশ অনুমতি নিতে হতে পারে।
এদিকে, বাতিল হওয়া প্রদর্শনীর টিকিটের মূল্য ছিল ২ হাজার ৩৮০ হংকং ডলার (৩০০ মার্কিন ডলার) থেকে ২ হাজার ৫৮০ হংকং ডলার। এছাড়াও, ১ হাজার ২৮০ বা ১ হাজার ৫৮০ হংকং ডলারের মিট-অ্যান্ড-গ্রিট সেশনও ছিল।
বাতিলের এই সিদ্ধান্তের ফলে শিল্পী ও দর্শকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, টাকার ফেরতের ব্যবস্থা পরে অফিসিয়াল মাধ্যমে জানানো হবে।
প্রতিনিধির নাম 

























