আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার মধ্যাঞ্চলীয় শহর নিজনেকামস্কে রোববার ইউক্রেনের বিমান হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে যে, হামলার ফলে দেশটির অন্যতম বৃহৎ পেট্রোরসায়ন কারখানায় আগুন লেগেছে।
শহরটির মেয়র রাদমির বেলায়েভ টেলিগ্রামে লিখেছেন, ‘আজ ভোরে নিজনেকামস্ক শত্রুপক্ষের ড্রোনের ব্যাপক ও দীর্ঘস্থায়ী হামলার শিকার হয়েছে। এ হামলায় শহরের শিল্পাঞ্চলের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তিনি জানান, একটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রায় ২ লাখ ৪০ হাজার মানুষের শহর নিজনেকামস্ককে প্রায়ই তাতারস্তানের ‘পেট্রোরসায়ন রাজধানী’ বলা হয়। সেখানে তেল শোধনাগার ও একটি বড় পেট্রোরসায়ন কারখানা রয়েছে।
রুশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় তিনজন আহত হয়েছেন।
ইউক্রেন ও রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় রাশিয়ার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সিবুরের মালিকানাধীন নিজনেকামস্কনেফতেখিম (এনকেএনকে) পেট্রোরসায়ন কমপ্লেক্সে আগুন ধরে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে শিল্পকারখানার ওপর আগুনের শিখা ও ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি এএফপি।
এদিকে, আঞ্চলিক গভর্নর ইউরি স্লিউসার এ তথ্য জানান, ইউক্রেন সীমান্তবর্তী রস্তভ-অন-দন অঞ্চলের শিল্পনগরী ও বন্দর তাগানরগে গত রাতে ইউক্রেনের পৃথক হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রের এক প্রকৌশলী নিহত হয়েছেন।
তাগানরগের মেয়র স্বেতলানা কামবুলোভা জানান, উপকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানে স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত রাশিয়ার ১২টি অঞ্চল ও সংযুক্ত ক্রিমিয়ার আকাশে ইউক্রেনের ৫৩৩টি ড্রোন ভূপাতিত করেছে তাদের বাহিনী।
এ বিষয়ে কিয়েভের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইউক্রেনের দাবি, নিজেদের ভূখণ্ডে রাশিয়ার প্রাণঘাতী হামলার জবাবে তারা রাশিয়ার শিল্প স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।
প্রতিনিধির নাম 
























