নিজস্ব প্রতিবেদক : আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) সিড ফান্ডিংয়ের আওতায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছেন তিনি।
আজ রোববার পল্টনের আউটার স্টেডিয়ামে ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হারের পরও বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রচেষ্টার প্রশংসা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। একই সঙ্গে পুরো টুর্নামেন্টে দর্শকদের সমর্থন ও ফুটবলের প্রতি মানুষের আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখেন তিনি।
এ সময় ডিআরইউকে সিড মানির আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়ে পুনরায় আশ্বাস দেন প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে ডিআরইউর ক্রীড়া দল দেশের ক্রীড়াঙ্গনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে নতুন চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশন। ফাইনালে তারা ৩ উইকেটে চ্যানেল ২৪ টেলিভিশনকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
প্রথমে ব্যাট করতে নেমে ৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৫ রান করে চ্যানেল ২৪। দলের হয়ে সজীব ১৬ ও রেদওয়ান শুয়েব ৯ রান করেন। ইনডিপেনডেন্ট টেলিভিশনের ছেরাজুল মুস্তাহেদিন সর্বোচ্চ দুটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৮ রান করে জয় নিশ্চিত করে ইনডিপেনডেন্ট টেলিভিশন। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন মাজহারুল ইসলাম। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন একই দলের ছেরাজুল মুস্তাহেদিন।
এর আগে দিনের দুটি সেমিফাইনালে ইনডিপেনডেন্ট টেলিভিশন ৩৯ রানে জাগো নিউজ ২৪ ডটকমকে এবং চ্যানেল ২৪ টেলিভিশন ১৩ রানে বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে ফাইনালে ওঠে।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার সানোয়ার হোসেন, ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ডেপুটি ম্যানেজার মো. মারুফ বিল্লাহ এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র অ্যাডিশনাল নির্বাহী পরিচালক রবিউল ইসলাম মিল্টন।
অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য আলী আজম, মোহাম্মদ নঈমুদ্দীন ও সুমন চৌধুরী।
প্রতিনিধির নাম 
























