সিকু চাকমা:নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৪ নম্বর ওয়ার্ডে এক হাজার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছেন শীতলক্ষ্যা সমাজকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল ফারহাদ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজস্ব অর্থায়ন ও উদ্যোগে এ মানবিক কার্যক্রমের আয়োজন করেন তিনি। এ সময় স্থানীয় দিনমজুর, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।
খাবার বিতরণ কার্যক্রমে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খাবার বিতরণকালে জাকারিয়া আল ফারহাদ উপস্থিত নিম্নআয়ের মানুষের উদ্দেশে বলেন, ‘আমি শুরুতে নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবিনি। তবে এলাকার আলেম-ওলামা ও সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন এবং অসহায় মানুষের নানা সমস্যা ও দুর্ভোগের কথা বিবেচনা করে নির্বাচনে
অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি আপনাদের পাশে থেকে ভালো কিছু করতে চাই। আপনাদের কল্যাণে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, ভবিষ্যতেও শীতলক্ষ্যা সমাজকল্যাণ সংসদের মাধ্যমে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করব। মানুষের কল্যাণে যেন সব সময় কাজ করতে পারি, সে জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন।’
এ সময় উপস্থিত ব্যক্তিরা জাকারিয়া আল ফারহাদের এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন তরুণেরা এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাকারিয়া আল ফারহাদ। তিনি বলেন, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং জনকল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। ৪ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তোলার পাশাপাশি কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চান তিনি।
এলাকাবাসীর অধিকার রক্ষা এবং তাঁদের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধির নাম 
























